স্টাফ রিপোর্টার-
নানাবিধ সমস্যায় জরজড়িত রাজশাহী শিক্ষাবোর্ড। ডেপুটেশনে থাকা কর্মকর্তারা দেরি করে আসা, বিদ্যালয় পরিদর্শকের ফাইল আটকিয়ে রাখা সহ নানাবিধ সমস্যা চলছে শিক্ষাবোর্ডে। বোর্ড চেয়ারম্যানের ঘনিষ্টজনরা সুবিধা পাচ্ছে এমন অভিযোগ করেন বোর্ড কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ একটি ফাইলে থাকা নথিপত্র গায়েব হওয়া নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে।
ফাইলটি না পেয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান উত্তেজিত হয়ে কর্মকর্তাদের পুলিশে দেওয়া ও চাকুরী চুত্য করার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে গায়েব হওয়া নথিপত্রের সন্ধান মিলেছে তার কক্ষের আলমারিতে। গত রবিবার সন্ধায় চেয়ারম্যানের কক্ষের আলমারীর তালা ভেঙ্গে ফাইলটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সিলেকশন কমিটি সংক্রান্ত ফাইল-১ খুঁজে না পাওয়ার কথা বলে সেটি বের করে দিতে কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। অথচ ঐ ফাইলের নথিপত্র থেকে তথ্য পাঠিয়েছিলেন শিক্ষা মন্ত্রনালয়ে। যেটির পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় এবং ওই কমিটি আগের ঘটনার তদন্ত করে।
তবে ফাইলটির জন্য গত ১৫দিন থেকে কয়েকজন কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার হুমকি দিচ্ছিলেন তিনি। এছাড়াও কর্মকর্তাদের অভিযোগ ২টি গাড়ি ব্যবহার করেন চেয়ারম্যান। প্রেষণে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারে কোন তদারকি নেই তার। সেবা গ্রহিতাদের সাথেও তিনি দেখা করেন না বলে জানা যায় নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্মকর্তাদের থেকে।
