আলো ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে ফুটবলার কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় দুই দিনের রিমান্ড শেষে সেই ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে রিমান্ড শেষে ফয়সালকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মাহবুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ ফয়সালকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, দুই দিনের রিমান্ডে দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
২২ এপ্রিল বেলা ১১টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে।
এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে ওই কিশোরী ফুটবলারের অভিযোগ ২৫ এপ্রিল ধর্ষণচেষ্টার মামলা রুজু করে পুলিশ।
২৮ এপ্রিল আসামি ফয়সালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিন ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টা নিশ্চিত হতে কিশোরীর ফরেনসিক পরীক্ষা করা হয়। একইসঙ্গে তার জবানবন্দি নেন আদালত।
