স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে পবা উপজেলার বায়া সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক একেএম সরোয়ার জাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ, পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বায়েজীদ হোসেন, সরকারি শিশু পরিবারের তত্ত¡াবধায়ক মো. জিয়াউল রহমান সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি সোনার দেশকে জানান, সরকারি শিশু পরিবারে মা-বাবা হারানো নিঃস্ব, অসহায় ও বিপন্ন শিশুদের আশ্রয়স্থল। এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকহীন শিশুদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয়। ছোট্ট অসহায় এতিমখানার শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা।
সারাদিনের অনাহারযাপন শেষে যখন ইফতার সামনে আসে তখন এই এতিমদের হাসি মাখা মুখ দেখে মন ভরে যায়। এছাড়াও এতিম শিশুদের সাথে ইফতার করা হলে অধিক সওয়াব পাওয়া যায়।
উল্লেখ্য, এতিম শিশুদের জন্য ইফতারিতে ছিল শরবত, ডিবের পানি, খেজুর, ছোলা, বিরানি, মুড়ি, কলা, তরমুজ, ডিমের চপ,পিঠা, পেঁয়াজু ও মিষ্টি জাতীয় খাবার।
