রা জ শা হী র আ লো : স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা নিজামুল ইসলাম খান অথৈল হত্যা মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গনকা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীর নাম সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপি। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, আসামী হ্যাপি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার আঘাতে অথৈল নিহত হন।
খেলার সময় শিশুদের মারামারির জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা অথৈলের সাথে হ্যাপির হাতাহাতি হয়। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় এই ঘটনা ঘটে। পরে অহত অবস্থায় অথৈলকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অথৈলের ছেলে সাব্বির ইসলাম খান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একামত্র আসামী হিসেবে সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপির নাম উল্লেখ করা হয়।
ঘটনার পর নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে ঝামেলা হয়। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার দাবি করেছে অথৈলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।তিনি আরও বলেন, হত্যা মামলা দায়েরের ৩৭ ঘন্টার মধ্যে একমাত্র আসামী হ্যাপিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
