আ লো স্পো র্ট স ডে স্ক : পেসারদের নিয়েই টেস্ট অধিনায়ক মুমিনুল হক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। টস জিতে তাসকিন-এবাদতের হাতে তাই বল তুলে দিয়েছিলেন। কিন্তু প্রথম সেশনে উইকেটের ঘাস, আদ্রতা কিংবা নতুন বলের সুবিধা নিতে পারেননি তারা। পরের দুই সেশনে ৪ উইকেট নিয়ে ম্যাচে ভারসাম্য রেখেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা প্রথমদিন শেষে ৭৬.৫ ওভারে তুলেছে ২৩৩ রান।
টাইগারদর হেড কোচ ডমিঙ্গো, পেস বোলিং কোচ ডোনাল্ড, অধিনায়ক মুমিনুল কিংবা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ব্যাটিং উইকেট হওয়ার আভাস দিয়েছিলেন। তারপরও বাংলাদেশের শুরুতে বোলিং করার ‘রক্ষনাত্মক’ সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত পেটের অসুখের কারণে ওপেনার তামিম ইকবাল একাদশে না থাকায়। তরুণ ব্যাটার মাহমুদুল জয় এবং সাদমানকে প্রোটিয়া পেস আক্রমণের সামনে ছুড়ে দিতে চাননি ক্যাপ্টেন।
শুরুতে ব্যাট করে অখুশি নন জানানো এলগার ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে দলকে ভালো শুরু এনে দেন। আধঘণ্টার মতো দেরিতে শুরু হওয়া ম্যাচে তারা ওপেনিং জুটিতে ১১৩ রান যোগ করেন। প্রথম সেশনের ২৫ ওভারে তোলেন ৯৫ রান। দ্বিতীয় সেশনের শুরুতে খালেদ আহমেদ উইকেটের পেছনে এলগারকে ক্যাচে পরিণত করেন। তিনি ফিরে যাওয়ার আগে করেন ১০১ বলে ১১ চারে ৬৭ রান।
এরপরই ফিরে যান সারেল আরউই। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা ৩২ বছর বয়সী ওপেনার করেন ৪১ রান। তাকে বোল্ড করে দেন মেহেদি মিরাজ। একই সেশনের শেষ দিকে সাজঘরে ফেরেন কিগান পিটারসন। দুর্দান্ত এক থ্রোতে ১৯ রানে তাকে আউট করেন মেহেদি মিরাজ। দিনের সেরা ব্রেক থ্রু দেন।
তৃতীয় সেশনের শুরুতে ব্রেক থ্রু দেন এবাদত হোসেন। টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের জুটি ভাঙেন তিনি। ফিরে যাওয়ার আগে অভিষেক টেস্ট খেলতে নামা রিকেলটন ১৯ রান করেন। টেস্টে শেষ সেশনের ১০ ওভার সবসময়ই গুরুত্বপূর্ণ। গোধূলি লগ্নে সুযোগ থাকে উইকেট নেওয়ার। কিন্তু আলো স্বল্পতায় ওই সুযোগ হারিয়েছেন মুমিনুল হকরা। তবে দ্বিতীয় দিন অপরাজিত থাকা বাভুমা (৫৩*) ও কাইল ভেরাইনেকে (২৭*) দ্রুত ফেরাতে পারলে ভালো মতোই ম্যাচে থাকবে বাংলাদেশ।
প্রথম টেস্ট
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে-২৩৩/৪, ওভার-৭৬.৫।
ডিন এলগার-৬৭, সারেল আরইউ-৪১, কিগান পিটারসন-১৯, টেম্বা বাভুমা-৫৩ (অপ.), রায়ান রিকেলটন-২১, কাইল ভারাইনে-২৭ (অপ.)।
বাংলাদেশ বোলিং– তাসকিন-৫৮/০, এবাদত-৫৮/১, খালেদ-৪৯/১, মিরাজ-৫৭/১, মুমিনুল-৮/০।
