আ লো স্পো র্ট স ডে স্ক : ২১০ রান করে ফেলার পর চেন্নাই সুপার কিংস কী একটু রিল্যাক্স মুডে চলে গিয়েছিল! এতবড় স্কোর করার পর তো জয় অবশ্যম্ভাবীই ছিল। কিন্তু কে জানে কুইন্টন ডি কক আর এভিন লুইস এভাবে ঝড় তুলে বসবেন!
২১০ রান করেও শেষ পর্যন্ত জিততে পারলো না চেন্নাই সুপার কিংস। লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। বল বাকি ছিল আরও ৩টি।
এ নিয়ে টানা দুই ম্যাচ হারলো চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। আগের ম্যাচে ব্যাট হাতে কিছু করতে না পারলেও এবার ব্যাট হাতে রান তুলেও কোনো লাভ হলো না।
২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আর কুইন্টন ডি কক মিলে উদ্বোধনী জুটিতেই ১০.২ ওভারে তুলে ফেলে ৯৯ রান। ২৬ বলে ৪০ রান করে এ সময় আউট হয়ে যান লোকেশ রাহুল। ২টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি।
৪৫ বলে ৬১ রান করেন কুইন্টন ডি কক। ৯টি বাউন্ডারির মার মারেন তিনি। মানিস পান্ডে ৫ রান করে আউট হলেও এভিন লুইজ ঝড় তোলেন চার নম্বরে ব্যাট করতে নেমে। ২৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৩টি। দিপক হুদা করেন ১৩ রান। আয়ুশ বাদোনি অপরাজিত থাকেন ১৯ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পার ৫০, শিবাম দুবের ৪৯ এবং মইন আলির ৩৫ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করেছিল চেন্নাই সুপার কিংস।
