আলো সা রা দে শ ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমান জাবেদ নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জাবেদের বিচার দাবিতে মৃত ফাতেমা আক্তার কলির লাশ নিয়ে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজনরা। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অভিযুক্ত মিজানুর রহমান জাবেদ নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা ও চট্টগ্রামের হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। মৃত ফাতেমা আক্তার কলি একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা। ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
বর্তমানে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্বজনদের অভিযোগ, বিয়ের আড়াই বছর পর থেকে জাবেদ অন্য এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরকীয়ার প্রতিবাদ করায় কয়েক বার কলিকে মারধরও করেন জাবেদ। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠকও হয়েছে। সর্বশেষ শুক্রবার চট্টগ্রামের হালিশহরস্থ শান্তিবাগের ভাড়া বাসায় কলিকে হত্যা করেন জাবেদ ও তার সহযোগীরা।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন কলির স্বজনরা। নোয়াখালীর সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রামের হালিশহরে এলাকায় কলি নামে নোয়াখালীর গৃহবধূ আত্মহত্যা করে বলে শুনেছি। এ ঘটনায় তার স্বামীর শাস্তির দাবিতে জেলা শহর মাইজদীতে লাশ নিয়ে নিহতের স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
এদিকে গতকাল রোববার সকালে হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কলির বাবা আহছান উল্যাহ। এ বিষয়ে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল-মামুন বলেন, এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচনার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
