রা জ শা হী র আ লোঃ – পুলিশর ওপর হামলার ঘটনায় করা মামলায় নাটোরের বড়াইগ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে সামসুল আলম রনি সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিনের আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় বিএনপির শতাধিক নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে সভা করছিলেন। এ সময় মহাসড়কের দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এ সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সত্যব্রত সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং সভায় না করার অনুরোধ জানান।
রনিসহ কয়েকজন তাদের নিষেধ অমান্য করে সভা চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা এসআই সত্যব্রতের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে শুরু করেন এবং পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এসআই সত্যব্রত সরকার বাদী হয়ে সামসুল আলম রনিসহ বিএনপির স্থানীয় ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। রনির আইনজীবী আবদুল কাদের বলেন, এ মামলায় সামসুল আলম রনিসহ পাঁচজন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন এবং ছয় সপ্তাহের মধ্যে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ রনি ব্যতীত চারজন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করা হয়। তবে গতকাল রোববার সামসুল আলম রনি একই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
