আলো জা তী য় ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা ইতিহাসকে ধামাচাপা দিতে ও বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনও দিন হৃদয় থেকে মোছা যাবে না।
তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।’ গতকাল রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।’
তিনি বলেন, ‘বটমলেস বাসকেট (তলাবিহীন ঝুড়ি) থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
