আলো জা তী য় ডেস্ক: চালকল মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কাল থেকে চালের দাম বেড়ে যাওয়াতো দূরের কথা, যদি দাম না কমে আমাদের ভালো কথা বলা প্রশাসন অতো ভালো থাকবে না। খাদ্য নিয়ে কোনো অবস্থাতেই রাজনীতি করতে দেওয়া যাবে না। তিনি বলেন, যথেষ্ট লাভ করেছেন, আর নয়।
রমজান উপলক্ষে লাভ নয়, বরং ছাড় দিয়ে বিক্রি করাটাই উচিত। গতকাল রোববার অবৈধ মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকির বিষয়ে কুষ্টিয়ায় চালকল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। উপস্থিত জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা মিলের স্টক খতিয়ে দেখবেন।
আজকেই ম্যাজিস্ট্রেট পাঠাবেন। তদারকি ও মনিটরিং বাড়াতে হবে। মিল মালিকরা প্রতিদিন কার কাছে বিক্রি করছে, কতটুকু বিক্রি করছে তার হিসাব জেলা প্রশাসককে দিতে হবে। প্রতিদিনের হিসাব প্রতিদিনই দিতে হবে।’ দুপুর ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠক চলে সাড়ে তিন ঘণ্টা ধরে।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার জেলা প্রশাসক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রবিউল ইসলামসহ খাদ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ এগ্রো ফুড লিমিটেডের চেয়ারম্যান আবদুর রশিদসহ চালকল মালিক সমিতির নেতারা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে মন্ত্রী দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কয়েকটি চালকল পরিদর্শন করেন। সেসময় চালকলগুলোর মজুতদারি তদারকিও করেন তিনি।
