আলো সা রা দে শ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ বলেন, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। তিনি বলেন, খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
