আলো রাজনীতি ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায়, ১৯৭১ সালে ২৭শে মার্চ জিয়াউর রহমানের কালুরঘাট বেতার আহ্বানের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপনের জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি: সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ কুষ্টিয়া জেলায় ভারতীয় সীমান্তে বিএসফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
সভার সদস্যরা মনে করেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানানো হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করে, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। সভায় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের জন্য ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি: মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন বাতিল হওয়া ইস্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির যে আবেদন করেছিলেন, তা বাতিল হওয়ার বিষয়টি ‘লজ্জাজনক ও কলঙ্কময়’।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় অর্থমন্ত্রীর এ পদত্যাগ দাবির সিদ্ধান্ত নেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন মন্ত্রী (অর্থমন্ত্রী) হিসেবে ভুয়া তথ্য দেওয়াকে অপরাধমূলক কাজ বলে মনে করা হয়। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার প্রচেষ্টার দায়ে সভা তার পদত্যাগ দাবি করে। সভার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত পোষণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তিকরণের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবিও জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রমজান মাসে আসছে নতুন কর্মসূচি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী ১১ দিনের কর্মসূচি পালনে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন হাট সভা পর্যায়ে পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং আসন্ন রমজান মাসের পূর্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা: পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব বলেন, বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী কল্যাণময়।
এ রাতে কৃতকর্মের নিরিখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল আমীন। তাই এ পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে প্রার্থনা করে। তিনি বলেন, নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাবার জন্য কলুষমুক্ত সরল-সোজা পথে চলতে বান্দারা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করবেন।
এ মহিমাময় রাতে সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি। মির্জা ফখরুল বলেন, এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি মহান রাব্বুল আলামীনের নিকট সেজন্য রহমত ভিক্ষা চাইছি। পবিত্র লাইলাতুল বরাতের এ রজনীতে দেশ, জাঁতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল।
