আলো জা তী য় ডেস্ক: সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বাদ দিয়ে বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করার আহ্বান জানিয়েছে মাইনরিটি জনতা পার্টি।
ক্ষমতায় গেলে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) ২য় কাউন্সিল উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তারা একথা বলেন।
এ সময় সুকৃতি কুমার মণ্ডলকে সভাপতি এবং দিলীপ কুমার দাসকে মহাসচিব করে ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিএমজেপির পরবর্তী কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দলটির নেতারা। তারা জানান, বিএমজেপি ক্ষমতায় গেলে সর্বস্তরের দুর্নীতি কঠোরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করা হবে।
জাতীয় শিক্ষাক্রমের সব পর্যায়ে আধুনিক শিক্ষা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনপূর্বক পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই আদর্শ প্রতিষ্ঠা করা হবে। দলটির নবনির্বাচিত সভাপতি সুকৃতি কুমার মণ্ডল তার প্রক্রিয়ায় বলেন, বিভিন্ন বক্তার আলোচনার মধ্যে আমাদের দলের কর্ম-পরিকল্পনা ও পরবর্তী কার্যক্রমের প্রতিফলন ঘটেছে।
আমি মনে করি এসব পরিকল্পনা আগামীতে সঠিকভাবে প্রতিপালন করতে পারলে আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হবে। এ সময় তাকে সভাপতি নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। শ্রীমৎ স্বামী শংকরাচার্য পুরী গুরু মহারাজের সভাপতিত্বে কাউন্সিলে বিএমজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
