রা জ শা হী র আ লোঃ – নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় আনছার বাহিনীর তান্ডব ও মারপিটে তিনজন গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ায়।
আহতরা হলেন, ওই গ্রামের লজের আলী ফকিরের ছেলে আনিসুর রহমান (৪৫), আঙ্গুর হোসেন (২৫) এবং আনিসুরের স্ত্রী খাদিজা বেগম (৩৫)।
জানা গেছে, সন্ত্রাসী আনছার উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া গ্রামের মৎস্যজীবী পাড়ার নুর বক্স আলী প্রামানিকের ছেলে। আনছার এর নেতৃত্বে আজহার আলী, সোজাহার আলী এবং মোজাহার আলী ধাওয়া করে আহতদেরকে মারপিট করে গুরুতর জখম করেন।
পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।এ ঘটনায় বুধবার (১৬ মার্চ) দুপুরে পাকুরিয়া মৎস্য মৎস্যজীবী পাড়ায় আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে আনছারসহ তার বাহিনীর লোকজনকে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী আনছার ও তার বাহিনী বিভিন্নভাবে তা-ব চালিয়ে আসছে। তাদের অত্যাচার ও ভয়ে তার বিরুদ্ধে কিছু করতে পারিনা। তিনি হুংকার দিয়ে বলেন যত কিছু হয় এমপি মহোদয় দেখে নিবে। স্থানীয় চেয়ারম্যান আমার হাতে আছে। কে কি করবে আমার। এভাবে হুংকার দিয়ে সরকারি প্রজেক্ট পুকুর খনন, মৎস্যজীবীদের টাকা আত্মসাৎ, খাস জমি কবুলিয়ত রেজিস্ট্রি করে দেওয়ার নামে ৮৬ জন মৎসজীবির নিকট থেকে প্রায় দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেন।
এছাড়াও মসজিদ, গোরস্থান ও ঈদগাহের নামে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাৎ করেন। সে এলাকায় নেতা ও গডফাদার সেজে ভিজিডি, ভিজিএফ’র কার্ড এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার নামে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন। তাকে এলাকায় অন্যায়কারীর ভূমিদস্যু ও আত্মসাৎকারী নামে সবাই চেনেন।
মারপিটের ঘটনার পরও তিনি ক্ষান্ত হননি। বিভিন্ন ক্যাডার বাহিনী দিয়ে মামলা না করতে আহতের পরিবার ও গ্রামবাসীকে দেখে নেয়ার হুমকি
দিচ্ছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে এলাকাবাসী সুবিচারের দাবি জানান। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওই এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান, ছহির উদ্দিন, আব্দুর রাজ্জাক, জইম উদ্দিন, শামসুল, জাহাঙ্গীর আলম ও শামীম হোসেন প্রমুখ।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তারা মামলা করতে চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
