আ লো বি নো দ ন ডে স্ক: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘ দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করেছেন আদালত। গত শুক্রবার জম্মু জেলা আদালতের বিচারপতি এ নির্দেশ দেন। আদালত জানিয়েছেন, মামলাকারীর স্বামী অর্থাৎ শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নাকে সিনেমাতে ভুলভাবে দেখানো হয়েছে।
দ্য কাশ্মীর ফাইলস সিনেমার ট্রেলার, বাস্তব ঘটনার সাথে একেবারে সম্পর্কহীন এবং ভিন্ন। ১৯৯০ সালের ২৫ জানুয়ারির যে ঘটনা সিনেমায় দেখানো হয়েছে; যে ঘটনায় তিনি শহিদ হয়েছিলেন, সেই ঘটনাটি সিনেমায় ভুলভাবে প্রদর্শিত হয়েছে। তাই সিনেমার ওই অংশগুলো অপসারণ না হওয়া পর্যন্ত সিনেমাটির মুক্তিতে স্থগিতাদেশ জারি করা হলো।
সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রবি খান্নার স্ত্রী শালিনী খান্না। তার অভিযোগ, কাশ্মীর ফাইল সিনেমায় তার স্বামীর চরিত্রটিকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে। শুধু তাই নয়, সিনেমাটির বেশ কিছু দৃশ্যও সত্য ঘটনাকে ভুলভাবে ব্যাখা করেছে। সংবাদমাধ্যমকে শালিনী জানান, সিনেমাটির নির্মাতাদের এ কথাগুলো আগেই জানিয়েছিলাম।
কিন্তু তারা খুব একটা আমলে নেননি। তাই আইনি পথে হেঁটেছি। সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই বিতর্কের মুখে পড়েন নির্মাতা। বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ, সিনেমাটির গল্পে ইতিহাস ও কিছু চরিত্রকে ভুলভাবে দেখানো হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার ও তাদের কাশ্মীর থেকে বিতাড়িত করার মতো বাস্তবের কাহিনিকে কেন্দ্র করে এগিয়েছে এর চিত্রনাট্য।
এ রকম স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা তৈরি করায় প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল ‘কাশ্মীর ফাইল’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশি প্রমুখ।
