রা জ শা হী র আ লোঃ –সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের বদরুদ্দীনের ছেলে হেলাল উদ্দিন ও একই উপজেলার আকবরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন। যদিও পুলিশ বলছে, এই চক্রের মূল হোতা কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুন পালিয়ে গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক কাউছার আলী মূর্তি ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন তাকে একটি গোয়েন্দা সংস্থা নজরদারিতে রাখে। এরই সূত্র ধরে সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুরে কাউছার আলীর নিজ বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এক পর্যায়ে শয়নকক্ষে লুকিয়ে রাখা ৪০ কেজি ওজনের ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে পাচার আইনে একটি মামলা করা হয়েছে। চক্রের মূল হোতা পলাতক কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
