রা জ শা হী র আ লোঃ – নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে ফোনে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই যুবকের হাত-পায়ের রগও কেটে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। লালপুর থানার ওসি ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের না, জুয়েল আলী (৩০)।
তিনিদিলালপুর গ্রামের সাকেত আলীর ছেলে। সে কৃষি কাজ করতো। প্রায় এক বছর আগে তার বিয়ে হলেও কোনও সন্তান নেই। নিহতের চাচা জামিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাতের খাওয়া শেষে জুয়েলকে একজন ফোন করে।
সে পাশের নতুন বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর রাতে আর সে ফেরেনি। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের মাঠে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর এক প্রশ্নের জবাবে জামিরুল বলেন, জুয়েলের হাত-পায়ের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের রক্তাক্ত চিহ্ন রয়েছে। জামিরুল বলেন, জুয়েলের ব্যক্তিগত কোনও শত্রু আছে বলে তাদের জানা নেই।
তবে জুয়েলের দাদা পলান প্রামাণিকের সঙ্গে প্রায় এক বিঘা জমি নিয়ে স্থানীয় সফি, আনারুল, শরিফুলের মামলা ও বিরোধ চলছে। প্রায় ৮-১০ বছর মামলা চলার পর গত মাসে পলান ডিক্রি পায়। ওই ঘটনায় শত্রুতার জেরে প্রতিশোধ নিতে এমন ঘটনা ঘটতে পারে।
তবে ঘটনার সঙ্গে যেই জড়িত হোক না কেন, আমরা তার বিচার চাই। লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
