আলো সা রা দে শ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহত শ্যালকের নাম মো.রাসেদ (১৯)। তিনি উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল গা ঢাকা দিয়েছে। তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।
নিহতের বোন সুরমা অভিযোগ করে বলেন, তফজল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করত। পাওনা টাকা ও চুরির ঘটনা এবং পূর্ব বিরোধ নিয়ে তফজলের সঙ্গে কয়েক দিন আগে শ্যালক রাসেদের বিরোধ দেখা দেয়।
এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে তফজল। এরপর গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বসত ঘরে রাসেদকে আটক করে তফজল,হাসেম মাঝি ও তাঁর স্ত্রী চামেলা বেধড়ক মারধর করে। এতে গুরুত্বর আহত হন রাসেদ।
একপর্যায়ে রাসেদ ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। ঘটনার বিষয়ে চরজব্বর থানার ওসি মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে ভোর রাত সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গতকাল শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
