আলো জা তী য় ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটিপিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক আদেশে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে টেস্টের বাধ্যবাধকতার আদেশটি প্রত্যাহার হলো।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, তারা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহারের কথা শুনেছেন তবে এ-সংক্রান্ত লিখিত কোনো আদেশ এখনো পাননি।
ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ইউএইগামী সব যাত্রীর জন্য যাত্রার ৪৮ ঘণ্টা আগে একবার এবং ফ্লাইটের ছয় ঘণ্টা আগে আরেকবার করোনার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়।
প্রথম দিকে সরকারিভাবে কুর্মিটোলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি বেসরকারি ল্যাবরেটরির মাধ্যমে যাত্রীদের নমুনা পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও ৪টি ল্যাবরেটরির মাধ্যমে আরটিপিসিআর টেস্ট শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ২৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৮ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮ জন ‘পজিটিভ’ হন।
