আলো ডেস্ক: নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা অভিযোগে আবদুস সাত্তার নামে একজনকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে স্ত্রীকে এবং গতকাল রোববার শিশু কন্যাকে হত্যার ঘটনা ঘটে। আব্দুস সাত্তার পুরোনো কাপড়ের ব্যবসায়ী।
পুলিশ তাকে আটক করার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী তার ফাঁসির দাবি জানায় এবং পুলিশের সামনেই তাকে মারার চেষ্টা করে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, পারিবারিক কারণে পুরোনো কাপড় ব্যবসায়ী আবদুস সাত্তার গত মধ্যরাতে স্ত্রী মাছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে।
এ অবস্থাতেই গতকাল দুপুরে তার শিশু কন্যা মাহমুদাকেও হত্যা করে ঝুলিয়ে রাখে। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে বাড়িটি ঘিরে রাখে এবং থানায় খবর দেয়।
ওসি আরও জানান, খবর পেয়ে গিয়ে ঘটনাস্থল থেকে আবদুস সাত্তারকে আটক করা হয়েছে।
এ সময় তিনি তার স্ত্রী-কন্যাকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে পালিয়ে গেছে বড় ছেলে। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি।
