আলো ডেস্ক: উপরে ত্রিপল টাঙানো, এর নিচে যেন শরণার্থী শিবিরের স্বাস্থ্যকেন্দ্র। এর মাঝ থেকেই জরুরি রোগীদের নিয়ে হাসপাতালে ছুটছে অ্যাম্বুলেন্স। এই রোগীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থী।
চারদিন ধরে অনশন করে অসুস্থ হয়ে তাদের অধিকাংশ এখন হাসপাতালে ভর্তি। কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষার্থীদের অনশন না ভাঙলে শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হওয়ায় আশঙ্কা আছে এমনটা জানালেও কেউ ভাঙেননি। এরমধ্যে আবার গণঅনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার জান্নাতুল নাইম নিশাত নামে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি যেতে অস্বীকৃতি জানান। জোর করে অ্যাম্বুলেন্সে উঠাতে গেলে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন বলেন ‘আমি হাসপাতালে যাব না, আমি তো আমরণ অনশন করতে এসেছি।
হাসপাতালে কেন যাব, আন্দোলনে এসেছি না?’ এর পর থেকে নিশাত হাসপাতালে। এখনও তিনি অনশনরত থাকায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। নিশাতের সঙ্গে থাকা শিক্ষার্থী ইশরাত জাহান প্রোমি চিকিৎসকদের বরাত দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা তাকে অনেক বুঝিয়েছি। তার অবস্থা দেখে সবার কান্না আসছে, কিন্তু তাকে কিছু খাওয়াতে পারছি না।
তার নিকট আত্মীয় যারা, তারাও বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কেউ কিছু খাওয়াতে পারছেন না। সে বারবার আমাদের বলেছে, দাবি না মানা পর্যন্ত আমি কিছু খাব না। অথচ চিকিৎসক বলছেন, তার শরীরের ভেন খোঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে চললে সে কোমায় চলে যেতে পারে।’ উপাচার্যের পদত্যাগের দাবিতে ৯২ ঘণ্টার বেশি সময় ধরে আমরণ অনশনরত শিক্ষার্থীদের ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অনশনে অংশ নেওয়া মেয়ে শিক্ষার্থীরা সবাই এখন হাসপাতালে। ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসাসেবার জন্য নিয়োজিত মেডিকেল টিমের সদস্য মোস্তাফিজ রহমান বলেন, ‘মেয়েরা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এদের দ্রুত খাবার না খাওয়ালে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়বেন।
কারও কারও ডায়াবেটিসের সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে শাবি শিক্ষার্থী অরুণ কুমার চাকি বলেন, ‘আমি কারও মুখের দিকে তাকাতে সাহস পাচ্ছি না।
যদি আমাকে বলে ভাই খুব কষ্ট হচ্ছে।’ এই বলে তিনি চোখের পানি মুছতে থাকেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থী হাসিব রহমান বলেন, ‘আমি এদিকে এলে তাদের দিকে তাকাতে সাহস পাই না। তাদের ওই চেহারা আমাকে কষ্ট দিচ্ছে।
