রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল গত শুক্রবার সকাল ৯টা থেকে গতকাল শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তারা মারা যান।
গতকাল শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।
তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। তাদের মধ্যে একজন পুরুষ। তার বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৮। বর্তমানে রাজশাহীর ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং জয়পুরহাটের ৩ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩৯। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন।
করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন রোগী।
এদিকে গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে রামেক ল্যাবে একই দিনে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে ২৯ জন রাজশাহীর, ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং ২ জন নাটোরের বাসিন্দা।
পরীক্ষার অনুপাতে এই তিন জেলায় করোনা শনাক্তের হার যথাক্রমে ২৮ দশমিক ৭১ ও ৪০ দশমিক ৫৪ এবং ৯ দশমিক ৫২ শতাংশ।
