আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের জন্য বিএনপি প্রচুর অর্থ বিনিয়োগ করছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ৮৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই অভিযোগ ভিত্তিহীন বানোয়াট। যখন বিদেশ থেকে কিছু ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ এসেছে, যখন এই সরকার গণতান্ত্রিক সামিটে আমন্ত্রণ পায় না, তখন এই প্রশ্নগুলো উঠেছে।
অথচ যখন আমরা দেখেছি দেশে গণতন্ত্র নাই, মানুষ হত্যা করা হচ্ছে, চুরি-ডাকাতি করে দেশের অর্থ লুণ্ঠন করা হচ্ছে তখন এগুলো ধামাচামা দেওয়ার জন্য তারা বিদেশে ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে।
বিএনপির এই নেতা আরও বলেন, পত্রপত্রিকায় যখন খবর হয়েছে, তখন সরকার মিথ্যা-বানোয়াট কতগুলো ডকুমেন্ট দিয়ে তাদের অপকর্মের জবাব দেওয়ার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করছে।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না।
এসময় আগামী নির্বাচনের সময় নির্দলীয় সরকার না হলে সেই নির্বাচন প্রতিহতের হুমকি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন কমিশন গঠনে সরকারের খসড়া আইন অনুমোদনের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন গঠনে অনুমোদন দেওয়া খসড়া আইন হচ্ছে বাকশাল পাকাপোক্ত করা।
নির্দলীয় সরকার না আসলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু নির্বাচনে যাবে না সেটাই নয়, আমরা নির্বাচন প্রতিহত করবো। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
