আলো ডেস্ক: লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় চালক আবদুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়াবাড়ি এলাকা থেকে অ্যাম্বুলেন্সসহ তাদের আটক করা হয়। আটক অ্যাম্বুলেন্স চালক আবদুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে।
লিটন মিয়া একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে পৌঁছালে সেখানে থাকা পুলিশের সন্দেহ হয়।
আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন জানান, সকালে ভেলাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা হয়। পুলিশ অ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা করে।
একপর্যায়ে আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসা সংলগ্ন বড়বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, আটক দু’জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে।
