আ লো স্পো র্ট স : ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন ফিঞ্চ
বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়া ওপেনার অ্যারন ফিঞ্চ। চলমান বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের ১৭তম ম্যাচে পার্থ স্কোচার্সের বিপক্ষে ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে ১০ হাজার রান ক্লাবে প্রবেশ করেন মেলবোর্ন রেনেগেডসের ফিঞ্চ।
টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ করতে ৩৩২ ম্যাচ খেলেছেন তিনি। সংক্ষিপ্ত ভার্সনে ফিঞ্চের রান এখন ১০ হাজার ৪৮।
ফিঞ্চের আগে টি-টোয়েন্টি ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড, পাকিস্তানের শোয়েব মালিক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলি।
বর্তমানে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক গেইল। ৪৫৩ ম্যাচে ১৪ হাজার ৩২১ রান করেছেন তিনি। এরপর পোলার্ড ৫৭৩ ম্যাচে ১১ হাজার ৩২৬ রান, মালিক ৪৬১ ম্যাচে ১১ হাজার ২৯৭ রান, ওয়ার্নার ৩১৩ ম্যাচে ১০ হাজার ৩০৮ রান ও কোহলি ৩২৪ ম্যাচে ১০ হাজার ২০৪ রান করেছেন।
