আলো ডেস্ক: করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল বৃহস্পতিবার ২০২২ সালের পাঠ্য বই ছাপার অগ্রগতি দেখতে ঢাকার মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, এ বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই। স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই ক্লাস ধরে ধরে শিক্ষার্থীদের এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হবে। কাজেই বিতরণে কোনো সমস্যা হবে না।
আমাদের শিক্ষার্থীদের সবাই সময়মতো হাতে বই পেয়ে যাবে। এদিকে জানুয়ারির প্রথম দিন সব নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে।
বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটির বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সব বই বাঁধাই কাজ শেষ হবে। এরপরই সেগুলো স্কুল পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই বইয়ের মান ঠিক থাকুক। যদি আমরা জানতে পারি কেউ বইয়ের মান খারাপ করেছে, সেটি চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীপু মনি আরও বলেন, পাঠ্যপুস্তকের মান ঠিক আছে কি না, সেটি নিশ্চিত হতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে সপ্তাহে দু-তিন দিন করে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে সেসব বই বাতিল করে দেওয়া হচ্ছে।
মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস: জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে।
সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবো। দীপু মনি বলেন, আগামী বছর প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে।
এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।
তিনি বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে।
নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
