রা জ শা হী র আ লোঃ –স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে গতকাল বুধবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর একজন ও নাটোরের একজন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের তিনজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন।
রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা ১০৪টি।
এদিকে, গত মঙ্গলবার রামেক ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় আটজন ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন। রাজশাহীতে করোনা শনাক্তের হার দশমিক ৯৬ শতাংশ, জয়পুরহাটে ৪ দশমিক ৭৬ শতাংশ এবং বগুড়ায় ৩ দশমিক ৭০ শতাংশ।
