আলো ডেস্ক: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক এ মামলা করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে এ মামলা করা হয়।
আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি। পরে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মামলার বাদী অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক বলেন, জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ডা. মুরাদ।
এটি শুধু জাইমার সম্মানহানি নয়। এটি পুরো নারী সমাজের জন্য অপমানজনক। এজন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলা করেছি।
নীলফামারীতে মামলার আবেদন: নীলফামারীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মো. হাফিজুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে কোনো আদেশ দেননি।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ১ ডিসেম্বর ফেসবুক পেজে লাইভে এসে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারী বিদ্বেষী বক্তব্য দেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ডিজিটাল প্ল্যাটফর্মের এ পেজে সাক্ষাতকারটি গ্রহণ করেন ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদ।
বাদীর অভিযোগ, মুরাদ হাসান সাংবাধিনাকিভাবে শপথ নিয়ে তার নানাবিধ বক্তব্যের ফলে সংবিধান লঙ্ঘন করেছেন। তার বক্তব্য নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক এবং শাস্তিযোগ্য অপরাধ। বাদীর আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো বলেন, আজকে মামলাটি ফাইলিং হয়েছে ও আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। বিচারক বলেছেন আগামী দিনে এর আদেশ দেওয়া হবে।
