আলো ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। প্রথম বর্ষের ক্লাস শুরুর কারণে প্রায় প্রতিটি বিভাগেই ছিলো নবীনদের বরণ আয়োজন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার পর রাবির বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের অরিয়েন্টশন ক্লাস।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা রজনীগন্ধা, গোলাপ, কলম ও ফাইল দিয়ে বরণ করছে নবীনদের। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানাতে গিয়ে লোক প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী সুমাইয়া মিম বলেন, প্রত্যাশা ছিল অনেক সুন্দর এবং বড় একটা ক্যাম্পাসে পড়বো।
ক্যাম্পাসে এসে দেখলাম, যেমন চেয়েছিলাম তেমনই আমাদের বিশ্ববিদ্যালয়। অনেক সাজানো আর সুন্দর ক্যাম্পাস। এমন একটা ক্যাম্পাস পেয়ে সত্যিই গর্বিত। ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের নবীন শিক্ষার্থী সাবিকুন্নাহার অরিন বলেন, ক্যাম্পাসে প্রথম ক্লাসের অনুভূতি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না।
প্রথম ক্লাসেই শিক্ষকদের দিক নির্দেশনা এবং বন্ধুসুলভ স্নেহশীল আচরণ আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। বড় আপু-ভাইয়েরা নিজ থেকেই পরিচিত হচ্ছেন, সেটা আরও ভালো লাগার বিষয়। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হলেও ভর্তি কার্যক্রম চলমান থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এর আগে ভর্তির সর্বশেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। আসন ফাঁকা থাকায় তা বাড়িয়ে ১৫ জানুয়ারি করা হয়েছে।
