রাজশাহীর আলোঃ- স্টাফ রির্পোটার
রাজশাহীর বাগমারায় উত্তম বিশ্বাস (৪০) নামে এক ভারতীয় নাগরিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালি এলাকায় তার মৃত্যু হয়।
উত্তম বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার নীলকান্ত বিশ্বাসের ছেলে। তার পূর্ব পূরুষ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। এক বছরের ভ্রমণ ভিসায় গত ২১ অক্টোবর বাংলাদেশে বেড়াতে আসেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বাগমারার তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে চেওখালি এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলের বিয়ে হয়েছে।
সেই সুবাদে উত্তম বিশ্বাসের সঙ্গে তাদের পরিচয়। বাংলাদেশে এসে সাইফুল ইসলামের বাড়িতে উঠেন উত্তম বিশ্বাস। শুক্রবার রাতে বাড়ির পাশের মুরগির খামার সংলগ্ন ঘরে অতিথিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সাইফুল।
সেখানেই মারা যান উত্তম। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই ভারতীয় নগরীক। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওই এসআই।
