মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ থেকে বাঁচতে হলে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি সময় পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রামসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
