আলো ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-নড়াইল-খুলনা রেল লাইনে ট্রেনের কাটা পড়ে আমিনুর রহমান চাঁন মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। মারা যাওয়া আমিনুর সারুলিয়া গ্রামের তামজেল মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর বাড়ির পাশের রেল লাইনে ছাগল বাঁধতে যান। ছাগলটি দৌঁড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি সেটিকে দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আমিনুর। পরে স্থানীয় লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নেয়। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
