মাহাবুর রহমান
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ফিলিং স্টেশন ও বিভিন্ন জ্বালানি তেলের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের দোকানে লাইসেন্স, তেলের মজুদ, মাপযন্ত্রের সঠিকতা এবং সরকার নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারি বিধি-নিষেধ মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানানো হয়।
মনিটরিং চলাকালে অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে মনিগ্রাম বাজারের মেসার্স রিয়াজ ওয়েল সেন্টারসহ আরও এক তেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
