মাহাবুর রহমান বাঘা(রাজশাহী )প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেল ২টা ৩০ মিনিটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার,সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বাধীনতা, আইনগত সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উপস্থিত প্রান্তিক নারীদের এসব বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো নানা প্রতিবন্ধকতা ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে নারী ধর্ষণ, নির্যাতন ও বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যার শিকার হচ্ছেন। তাই নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, বর্তমান সময়ে নারীরা বিভিন্ন সৃজনশীল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করছেন। তাই নারীকে আর দুর্বল ভাবার সুযোগ নেই। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নারীদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি কোনো সেবা থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী এবং প্রান্তিক পর্যায়ের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
