মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ১১টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল বিশ্বাস।
অভিযানকালে দইয়ের উৎপাদন তারিখ উল্লেখ না করা এবং মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘পাল মিষ্টান্ন ভান্ডার’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের সার ও কীটনাশকের দোকানে সার ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, টালি খাতায় হিসাব লিপিবদ্ধ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
