মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) নির্বাচনী আসনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়।
কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি। সকাল থেকেই নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্বশীলভাবে তাদের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
এদিকে, ভোটগ্রহণ চলাকালীন সময়ে কোনো কেন্দ্র থেকে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থীর পক্ষ থেকেও বড় ধরনের অভিযোগ উত্থাপিত হয়নি বলে জানা গেছে।
প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং মোট ভোটারের প্রায় ৮০ শতাংশ ভোট প্রদান করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
