স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে সুদ ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ঘটে যাওয়া হত্যাকাÐের প্রধান আসামি মো. রিপন (৪৩)-কে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে (১১ ডিসেম্বর) পৌনে ৫টার দিকে রাজপাড়া থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রিপনসহ মামলার অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সাথে জড়িত ছিল। এ নিয়ে ভিকটিম অমর ফারুক শান্ত (২৪) তাদের বিরোধিতা করতেন। এর জের ধরেই গত ১০ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরপাড়ে শান্তকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে বেধড়ক কুপিয়ে জখম করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় মোট তিনজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিপনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে
