নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ওই শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তবে এসব অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন ওই শিক্ষক।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে আসছেন। পাশাপাশি অনৈতিক প্রস্তাব, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করছেন।
বিভাগটির তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, ‘উনি (শিক্ষক) নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যেমন তোমার কোমর তো ভালো দোলে, রাতের রানী, রাতের গার্ড ইত্যাদি। আমাদের প্রথম ব্যাচ থেকে সপ্তম ব্যাচ পর্যন্ত অনেকেই তাঁর এমন আচরণের শিকার হয়েছেন। আগের এক ঘটনায় তিনি শিক্ষার্থীদের মারতে গিয়েছিলেন, সেটির ভিডিও আছে।’
ওই শিক্ষার্থীর দাবি, কুপ্রস্তাবে রাজি না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নম্বর কমিয়ে দেন ওই শিক্ষক। এমনকি তাঁর তাকানোর ভঙ্গিতেও ভয় লাগে। তাঁরা শ্রেণিকক্ষে যেতে এখন ভয় পাচ্ছেন।
