আলো ডেস্ক
রাজধানীর ডেমরার সাইনবোর্ড শাপলা চত্বর সংলগ্ন ‘আল আকসা টাওয়ার’ নামে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছে। নিহতের নাম মো. সোয়াদুল ইসলাম সোয়াদ (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সোয়াদের বাবা মো. মফিজুল ইসলাম ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ডেমরার বড়ভাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত মো. আল মামুন (২৪) নামে নির্মাণাধীন ভবনের এক ঠিকাদারকে গ্রেফতার করে। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
নিহতের বাবা ও মামলার বাদী মফিজুল ইসলাম জানান, ১৫ দিন আগে সোয়াদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার থানারপাড়া এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে আত্মীয়স্বজনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, তার ছেলের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এরপর তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
ডেমরা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত বুধবার (২৩ জুলাই) ভোররাত ৩টা থেকে সকাল ৬টার মধ্যে আল আকসা টাওয়ারে সোয়াদকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। মোবাইল চুরির অভিযোগে তার ওপর নির্মমভাবে হামলা চালায় ভবনের নির্মাণসংশ্লিষ্ট লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ডেমরা থানা পুলিশ উদ্ধার করে সকালেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
