আলো ডেস্ক: চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। আগামী সোমবার এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি গতকাল শুক্রবার বিকালে বলেন, “এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। রোডম্যাপ অনুসারে আগামী ২১ জুলাই (সোমবার) এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।” এ পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন তা জানাতে পারেননি পিএসসি কর্মকর্তা মতিউর রহমান। তিনি বলেন, “এখনও উপস্থিতি কিংবা কেউ অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন কি না, সেসব তথ্য আসেনি। কেন্দ্রগুলো থেকে তথ্য আসলে এ বিষয়ে জানানো হবে।” এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
