রাজশাহীতে নতুন কমিটি গঠনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বিএনপিতে নীতি আদর্শ পরিপন্থী অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে পূর্বের কমিটি বাতিলসহ নানা দাবীতে মানববন্ধন করেছে মহানগর বিএনপির একাংশ।
বৃহস্পতিবার(৩জুলাই) বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রধান সড়কে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন অন্তত ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী। পরে বৃষ্টি বাড়ার কারনে বেলা ১২টার আগেই মানববন্ধন শেষ হয়ে যায়।
মানববন্ধনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট সহ রাজপথের ত্যাগী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্যে নেতা কর্মীরা বলেন, ফ্যাসিবাদের বিষবৃক্ষ নির্মূল হলেও রাজশাহী মহানগর বিএনপি কমিটির কয়েকজন নেতৃবৃন্দ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মী চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ সহ অপকর্মের সাথে জড়িত এমনকি জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপরে হামলার সাথে সম্পৃক্ত এবং সরাসরি নেতৃত্ব প্রদানকারী পতিত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের জন্য প্রত্যক্ষভাবে আশ্রয় প্রশ্রয় প্রদান করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অবৈধ কর্মকা-ে জড়িত না হয়। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে, রাজশাহী মহানগর বিএনপির চিহ্নিত নেতৃবৃন্দ বেআইনিভাবে প্রতিষ্ঠান জবরদখল, ভূমি-ভবন দখল, অযাচিত প্রশাসনিক হস্তক্ষেপ, চাঁদাবাজি সহ ব্যক্তিগত অনৈতিক কর্মকা-ের দ্বারা দলটির ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।
শুধু তাই নয় রাজশাহীতে ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সম্পৃক্ত বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর থেকে থানা, ওয়ার্ড পর্যায়ের দীর্ঘদিনের ত্যাগী নির্যাতিত হামলা মামলার শিকার পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে, বাদ দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তোলেন তিনি।
এসব কর্মকান্ডের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিতে হাইব্রিড নেতার উদ্ভব হচ্ছে বলেও জানান। বিগত সময়ে আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা বিএনপির নেতা কর্মীরা রাজশাহীতে হামলা মামলা জুলুম নির্যাতনে শিকার হয়েছেন, সেই আওয়ামী কর্মীদেরই বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কিছু নেতৃবৃন্দ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন, শিষ্য বানাচ্ছেন এবং তাদেরকে দলীয়ভাবে আশ্রয় দিচ্ছেন।
অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি করার দাবি জানান নেতা কর্মীরা। নইলে আসন্ন নির্বাচনে এই শহরে বিএনপির প্রার্থীতা ও নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেবে বলে মনে করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
