বাঁশ কাটাকে কেন্দ্র করে তানোরে ভাইকে মারধর, অভিযোগ বোন ও আত্মীয়র বিরুদ্ধে
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
রাজশাহীর তানোরে জমি জমা ও বাঁশ কাটা সংক্রান্ত জেরে সামসুদ্দিন মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর বোন, ভাগ্নে ও বোন জামাই এঁর বিরুদ্ধে। চলতি মাসের গত ৮ তারিখ দুপুরে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী এলাকায় এই ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নবনবী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সামসুদ্দিন মিয়া বাড়ির পাশে নিজেদের ভোগ দখলীয় সম্পত্তিতে তাঁদের বাঁশ ঝাড় রয়েছে। কিন্তু হঠ্যাৎ করে গত ৮ তারিখ দুপুরে তাঁর বড় বোন কারিমা বেগম (৪৫), ভাগ্নে রতন আলী (২৫) এবং বোন জামাই আসতুল (৪৮) মিলে তাঁদের ওই বাঁশ ঝাড়ের বাঁশ জোর করে কেটে নিতে থাকে। আর তা দেখে বাঁধা দিতে গেলে তাঁরা সামসুদ্দিন মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় সামসুদ্দিন মিয়ার বাম ঠোঁট এবং নাক কেটে ক্ষত-বিক্ষত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।
১২ জুন বৃহস্পতিবার চিকিৎসা শেষে ভুক্তভোগী সামসুদ্দিন মিয়া এই প্রতিবেদককে জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বড় বোন কারিমা বেগম, ভাগ্নে রতন আলী এবং বোন জামাই আসতুল জোটবদ্ধ হয়ে আমাকে ব্যাপক মারধর করে। বাড়ির লোকজন আমাকে উদ্ধার না করলে ওরা আমাকে মেরে ফেলতো। এমনকি তাঁরা হামলা করে যাওয়ার সময়েও আমাকে তাঁরা হত্যার হুমকি দিয়ে যায়।
তিনি আরও বলেন, এরআগে বেশ কয়েকবার আমার ওই বোন কারিমা বেগম আমাদের সাথে নানান বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছে। সুযোগ পেলে তাঁরা আমাকে হত্যা করতে পিছপা হবে না।
তবে অভিযুক্ত কারিমা বেগম, রতন আলী ও আসতুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মন্তব্য মিলেনি। এমনকি বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক নারী বলেন, শুনেছি নিজেদের বাঁচাতে অভিযুক্তরাও নাকি থানায় গেছেন প্রতিপক্ষ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে।
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।
