পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ভ্যান যাত্রীদের ট্রাকের ধাক্কায় একজন মহিলা নিহত ও চারজন আহত হয়েছে। নিহত মহিলা হলো সঞ্চিতা কর্মকার(৩৭) ও আহতরা হলো মনীষা কর্মকার(৩৫), রত্ন কর্মকার(৩০), সুস্মিতা কর্মকার(১০), শ্যামল কর্মকার (৪০) ও ভ্যানচালক আকসের আলী (৪৫)।
শনিবার দুপুর একটার দিকে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি নাটোরের বাগাতিপাড়ার কালিকাপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ভ্যান যোগে যাত্রীরা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক (রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট ১৮-১২১০) যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাওপাড়া ঢালানে পুঠিয়াগামী একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা মারা যায় ও অন্যরা আহত হয়।
আহত ব্যক্তিদের পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। পবা হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা রেজাউল করিম জানান আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে।
