সংগৃহীত
আলো ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকার যেভাবে চলছে, এভাবে একটা সরকার চলে না, এমনকি একটা দোকানও চলে না।
গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন মন্তব্য করেন। এসময় দেশের চলমান অবস্থা, সড়ক অবরোধ, মামলার জট, প্রশাসনিক অস্থিরতা এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণে সংকীর্ণতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অলি আহমদ বলেন, দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত, সবাই মঙ্গল চায়। ঢাকা অচল প্রায়। যার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে। কেউ মেয়র হতে চায়, চাকরি তেকে বরখাস্ত হয়েছে চাকরি নিতে চায়, রাস্তা বন্ধ। দাবি-দাওয়া সঙ্গত কি না তার ধারে কাছেও নেই। নিজের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে।
অলি বলেন, আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম। সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে। বিএনপির বিরুদ্ধে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, আজকে ৯ মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাদের (সরকারের) কোন অধিকার নেই। দেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সশস্ত্র বাহিনী একটা বড় হোল্ডার। তাদের সাথে আলোচনা করতে হবে। আমি দল বলবো না, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করতে হবে।
এসময় আগামী বুধবার প্রেস কনফারেন্স করার কথাও জানান তিনি।
