রাজশাহীতে চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইফতেখার আলম বিশাল
রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শিরোইল কলোনির ০১ নম্বর গলির মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ইফতার পূর্ব আলোচনায় মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ বলেন, “২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন ছিল প্রহসনমূলক। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি গৃহপালিত বিরোধী দল দাঁড় করিয়েছে। এরপর ছাত্র-জনতা ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন শুরু করলে তাদের নির্মমভাবে দমন করা হয়।” তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, “এ আন্দোলন করতে গিয়ে নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে, তাদের ওপর চালানো হয়েছে গুলি, বোমা, টিয়ার সেল। কিন্তু গণতন্ত্র এখনও ফিরে আসেনি। দায়িত্বশীলদের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়।”
মামুন-অর-রশিদ বলেন, “১৫ আগস্টের পর জামায়াতে ইসলামী বলছে, আগে সংস্কার, পরে নির্বাচন। অথচ আওয়ামী লীগ ক্ষমতা হারানোর সাত মাস পরও কোনো সংস্কার হয়নি। এটি প্রমাণ করে, আসলে তারা দেশে ষড়যন্ত্র করছে এবং বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার পরিকল্পনা করছে।”
তিনি আরও বলেন, “সংস্কারের নামে যড়যন্ত্র চলছে। বিএনপি এই ষড়যন্ত্র মেনে নেবে না এবং দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত করবে।”
চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাহিজুর হক ফাহির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। সঞ্চালনা করেন মনিরুল ইসলাম জনি। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
