Oplus_131072
আলো ডেস্ক:
বোরো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যুতিক সেচপাম্প চালু করার সময় কৃষক আকরাম হোসেন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেন কৃষিশ্রমিক আব্দুল হানিফ (৫৫)। কিন্তু সহকর্মীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
উভয়েরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কৃষকরা সেচপাম্পের কাছে দুজনের বিদ্যুৎস্পৃষ্ট লাশ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক তাদের পরিবারকে খবর দেন।
মৃত আব্দুল লতিফের ছেলে আকরাম হোসেন এবং মৃত সমেজ আলীর ছেলে আব্দুল হানিফ। দুজনেই ছাত্তারকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। শেরপুর সদর থানার এসআই আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
