সংগৃহীত
আলো ডেস্ক
সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকবো। যদি না চায় আমরা চলে যাবো। আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন। ডিসেম্বরের দিকে আমরা নির্বাচন দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আমরা সেই অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে কিন্তু উনি বলেছেন জুন পর্যন্ত।
এর আগে, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।
