সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ২০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালায়।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শলিথা গ্রামে ওয়াজ মাহফিলের সময় তুচ্ছ ঘটনায় হট্টগোলের সৃষ্টি হয়। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকালে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ দফায় দফায় সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অনেকে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সসহ ফরিদপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
