রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা
স্টাফ রিপোর্টার
রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় ৫ ঘন্টা।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস এবং খুলনাগামী মহানন্দা মেইল নিজ নিজ গন্তব্যস্থানে ছেড়ে যায় সাড়ে ৫ ঘন্টা বিলম্বে। বেলপুকুর থেকে ক্লিয়ারেন্স পাবার পর ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটার পরিবর্তে রাজশাহী স্টেশন ছাড়ে সকাল ১১:৪৭ মিনিটে। স্টেশন কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে বেলা ১২:২৫ মিনিটে। অন্যদিকে, খুলনাগামী মহানন্দা ট্রেনটি ছাড়বে বেলা ১২:৪০ মিনিটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বেলা ১২টার পর থেকে রাজশাহীর সাথে ট্রেন যোগযোগ পুনরায় স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে ছিল। যাত্রীরা স্টেশনে ট্রেনে ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন।
স্টেশন ব্যবস্থাপক জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
