আলো ডেস্ক
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, উভয়পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন লিটন বলেন, ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কথা বলেই তিনি সংযোগটি কেটে দেন। ওই সময় রতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, জেলা কমিটির পক্ষ থেকে হত্যার তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
